‘আর্থ-সামাজিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা’

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৯:২০
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের বুকে বাংলাদেশ এখন মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে বারবার নির্বাচিত করা উচিত। কারণ দেশের আর্থ-সামাজিক সার্বিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। 
 
যে সরকার উন্নয়ন করে সেই সরকারকে বারবার নির্বাচিত করার যৌক্তিকতা তুলে তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার স্বাস্থ্যখাতসহ প্রতিটি খাতের উন্নয়নে দূরদর্শিতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন করছে। কর্মসূচিগুলোর সফল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ও নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।
 
মঙ্গলবার ‘প্রথম আলো’ কার্যালয়ে ‘বাংলাদেশে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবায় পেশাদার মিডওয়াইফ’ বিষয়ক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় ‘প্রথম আলো’ এই বৈঠকের আয়োজন করে।
 
নার্স ও মিডওয়াইফদেরকে মানবিক দায়িত্ববোধের সঙ্গে রোগীদের সেবা প্রদানের আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্সিং-এর মতো মহান পেশায় নিয়োজিতরা রোগীর সেবাকে শুধুমাত্র কাজ হিসাবে বিবেচনা করলে হবে না। মানুষের আস্থা অর্জনে তাদেরকে সচেষ্ট থাকতে হবে।
রোগীদের সঙ্গে ভালো আচরণ করে সহানুভূতিশীলতার সাথে সেবা দিলে রোগ অর্ধেক সেরে যায়। তিনি বলেন, নার্সদের মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে গেছেন শেখ হাসিনা। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্তান প্রসবের সময় ঝুঁকি এড়াতে প্রশিক্ষিত মিডওয়াইফের সহায়তা নেওয়ার জন্য জনসচেতনতা বাড়ানো দরকার। গর্ভবতী মায়েদেরকে এ বিষয়ে সচেতন করে তুলতে তৃণমূল পর্যায়ে বিশেষ সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি নতুন নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদেরকে মায়েদের আস্থা অর্জনে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিন। 
 
বৈঠকে অন্যান্যের মাঝে সংসদ সদস্য ডা. হাবিব-এ মিল্লাত, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন, নার্সিং সার্ভিসেস এর পরিচালক নিলুফার ফরহাদ, অভিনয় শিল্পী মনিরা ইউসুফ মেমি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
পরে সচিবালয়ে ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি আর্জেন্টিনা মাটাভেল পিসিন  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।