রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২০:০২
রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দরে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান অল্পের জন্য রক্ষা পেয়েছে।
 
মঙ্গলবার বিকেলে বিমানটি ল্যান্ড করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রশিক্ষকের দক্ষতায় বিমানটি রক্ষা পায়। ফলে কেউ হতাহতের হয়নি। প্রশিক্ষণ বিমাটিরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
 
ঘটনার সত্যতা স্বীকার করে রাজশাহী শাহ্ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান ইত্তেফাককে জানান, সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমানটি ল্যান্ড করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ার উপক্রম হয়। এ সময় প্রশিক্ষণ বিমানটি তিন চাকার ওপরই থাকায় প্রশিক্ষকের দক্ষতায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ফলে প্রশিক্ষণ বিমানটির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও এয়ারক্রাফট অক্ষত রয়েছেন। প্রশিক্ষণ বিমানটিরও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
তিনি আরো বলেন, সেনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন শেষে বিকাল সাড়ে ৪টার দিকে ল্যান্ড করছিল। ল্যান্ডিংয়ের পর ইউটার্ন নিতে গিয়ে রানওয়ে থেকে সরে মাটিতে নেমে যায়। তবে বিমানটি তিন চাকার উপরই ছিল। পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এয়ারক্রাফটি উদ্ধার করে।
 
জানা যায়, প্রশিক্ষণ বিমানটি ছিল গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। তবে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে একাডেমির দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
 
প্রসঙ্গত, ২০১০ সাল থেকে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি রাজশাহীর শাহ্ মখদুম বিমান বন্দরে বৈমানিক প্রশিক্ষণ পরিচালনা করছে। এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল দুপুরে শাহ্ মখদুম বিমানবন্দরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে নারী প্রশিক্ষণার্থী তামান্না রহমান হৃদি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক ক্যাপ্টেন শাহেদ কামাল পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।