ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ১০ শিশু-কিশোরসহ ১২ বাংলাদেশিকে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।
মঙ্গলবার বিকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে জানান ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম।
ওসি বলেন, ভালো চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা এদের সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার করেছিল। ভারতের বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে ঘোরাঘুরির সময় তারা পুলিশের হাতে আটক হন। আটকের পর অনুপ্রবেশের অভিযোগে সেদেশের আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের যোগাযোগের ফলে এরা দেশে ফিরেছে।
আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর জেলা সমন্বয়কারী কর্মকর্তা এবিএম মুহিত হোসেনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
