নির্বাচনী কাজে অংশ নিতে জামিনের আবেদন লালুর

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:১৪

ইত্তেফাক ডেস্ক

শারীরিক অসুস্থতা দেখিয়ে জামিনের আবেদন করেছেন লালুপ্রসাদ যাদব। তা নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিবিআই) মতামত জানতে চেয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। 

লোকসভা নির্বাচনে বাকি মাত্র এক মাস। তার আগে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতাকে জামিন দেওয়া যায় কিনা, সে ব্যাপারে কেন্দ্রীয় গোয়েন্দাদের মতামত জানতে চেয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। তারপরই পশুখাদ্য দুর্নীতি মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আর্জি জানিয়েছিলেন লালুপ্রসাদ। কিন্তু গত ১০ জানুয়ারি সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায়। যার পর সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হন আরজেডি সুপ্রিমো। ঝাড়খণ্ড আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিশেষ লিভ পিটিশন জমা দেন। তাতে বলেন, ৭১ বছর বয়স হয়েছে তার। সেই সঙ্গে শরীরে একাধিক রোগ বাসা বেঁধেছে পশুখাদ্য দুর্নীতির অন্য মামলায় ইতোমধ্যেই জামিন মঞ্জুর হয়েছে তাঁর। এই মামলাতেও জামিন দেওয়া হোক তাকে।