রয়টার্স
জইশ-ই মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহারের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। গতকাল শুক্রবার এ ঘোষণা দেয় ফ্রান্স সরকার।
ফ্রান্সের পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে ইইউরোপীয় ইউনিয়নের সন্দেহভাজন জঙ্গির তালিকায় মাসুদ আজহারের নাম প্রস্তাব করবে বলে জানানো হয়। জইশ ই মোহাম্মদসহ যেসব জঙ্গি সংগঠন ভারতে হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।
গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জইশ ই মোহাম্মদ। উক্ত হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়। ফেব্রুয়ারিতে কাশ্মিরের পুলওয়ামায় এ জঙ্গিগোষ্ঠীটির আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধা-সামরিক বাহিনীর ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়েছিল। ওই হামলা দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।
গোষ্ঠীটির নেতা মাসুদ আজহারকে ‘সন্ত্রাসী’ ঘোষণার প্রস্তাব বুধবার নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়েছিল। প্রস্তাবে মাসুদ আজহারের সম্পদ জব্দ, তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গও রাখা হয়। কিন্তু প্রস্তাব পরীক্ষায় আরও সময় দেওয়ার অনুরোধ জানায় চীন। সে পর্যন্ত প্রস্তাবটি স্থগিত রাখার অনুরোধও জানায় তারা।
ভারতের সরকার প্রস্তাবটি উত্থাপন ও সমর্থন জানানো দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, “আমাদের নাগরিকদের ওপর ঘৃণ্য আক্রমণে জড়িত সন্ত্রাসী নেতাদের বিচারের মুখোমুখি করতে সম্ভাব্য সকল পথে চেষ্টা অব্যাহত রাখা হবে।”
