বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নিহত ৯

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০১:২১
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় নয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
 
কালীগঞ্জে হোমিও চিকিত্সককে কুপিয়ে হত্যা: সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের কৃষি অফিস পাড়ায় এক হোমিও চিকিত্সককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আব্দুর রাজ্জাক (৪০)। তিনি উপজেলার খড়াশুনি গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।
 
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মঙ্গলবার এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফাহিম মিয়া (১০)। সে উপজেলার সৈয়দটুলা গ্রামের ধন মিয়ার ছেলে।
 
পলাশবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সোমবার রাতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আঁখি আকতার (২২)। আঁখি আকতার ওই গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।
 
মঠবাড়িয়ায় বলেশ্বর নদী থেকে শিশুর লাশ উদ্ধার: মঙ্গলবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদী থেকে জাহিদুল ইসলাম (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের দিনমজুর আবু জাফরের ছেলে।
 
কালিয়াকৈরে লেগুনা খাদে পড়ে নিহত ১: গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে একটি নম্বরবিহীন শ্রমিকবহনকারী লেগুনা খাদে পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক শ্রমিক নিহত হয়েছেন।
 
জীবননগরে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত: সোমবার চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছে। তার নাম তুহিন(১০)।
 
আগৈলঝাড়ায় পানিতে পড়ে শিশুর মৃত্যু: মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে হচ্ছে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের লিটন হালদারের ছেলে অয়ন হালদার (২)।
 
মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু: মঙ্গলবার দুপুরে যশোরের মণিরামপুরে হরিহর নদীতে ডুবে আরিফা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই এলাকার নির্মাণ শ্রমিক নাজিম উদ্দীনের মেয়ে ও স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।
 
রংপুরে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু: রংপুর মহানগরীর দমদমার লক্ষণপাড়া এলাকায় মঙ্গলবার দুপুরে ভিমরুলের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার ময়েন উদ্দিনের ছেলে মানিক মিয়া (৪৫)।