সাধারণ রাইস কুকার। দেখে বোঝার উপায় নেই ভেতরে অন্য কিছু আছে। সেটি খোলার পর দেখা যায়, তার কয়েলের নিচে রাখা ১৯টি পলিথিনের ব্যাগে মোড়ানো ইয়াবা ট্যাবলেট। এ অভিনব কৌশলে বিভিন্ন কুরিয়ারে কিংবা বাসে চট্টগ্রাম থেকে বগুড়ায় আসছে ইয়াবার চালান।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়ায় এসএ পরিবহনের মাধ্যমে চট্রগ্রাম থেকে আসা রাইস কুকারের ভেতর থেকে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় র্যাব সদস্যরা রাইস কুকারের মালিক বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার (হাকির মোড়) মাসুমের মেয়ে কোহিনুর বেগম (৩৮) এবং ছেলে আলিফকে (৩২) হাতেনাতে আটক করা হয়।
IMG0
র্যাব সূত্র জানায়, চট্টগ্রাম থেকে রাইস কুকারের ভেতরে করে ইয়াবার একটি বড় চালান বগুড়ায় আসছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা এস এ পরিবহনের বগুড়া অফিসের সামনে ওঁৎ পেতে থাকে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দুইজন এস এ পরিবহন থেকে একটি রাইস কুকার নিয়ে বেরিয়ে আসার সময় র্যাব তাদের আটক করে। এরপর রাইস কুকার খুলে কয়েলের নিচে রাখা ১৯টি পলিথিনের ব্যাগে মোড়ানো সাড়ে ৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। প্রতিটি ব্যাগে ৪’শ পিস করে ইয়াবা ট্যাবলেট ছিল।
IMG1
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মফিজুল ইসলাম ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বুধবার মামলা দায়ের করা হবে।
