তরুণীকে অপহরণের চেষ্টা, বাবা খুন

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১০:৫০
 
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুঁইগড়ে বাড়ি থেকে তরুণীকে তুলে নিতে হামলা করে সন্ত্রাসীরা। এতে বাধা দিলে ওই তরুণীর বাবাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিন্দ্র চন্দ্র ফতুল্লার রঘুনাথপুর এলাকার বাসিন্দা। 
 
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তার বাড়িতে হামলা হয়। পরিবার বিয়ে ঠিক করায় মেয়েটির 'কথিত প্রেমিক' দলবল নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলাকারীদের সাতজনকে পালানোর সময় আটক করা হয়েছে।
 
ফতুল্লার ওসি কামাল হোসেন জানান, একটি মাইক্রোবাসে করে এসে আট যুবক মনিন্দ্র চন্দ্রের বড়িতে ঢোকে এবং তার মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি বাধা দিলে হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 
 
পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি মনিন্দ্রের মেয়ের সঙ্গে ঢাকার শ্যামপুরের তুহিন নামের এক ছেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মনিন্দ্র কিছু দিন আগে মেয়ের বিয়ে ঠিক করেন। এই খবরে তুহিন দলবল নিয়ে তাকে তুলে আনতে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।
 
ঘটনার পরপরই এলাকাবাসী তুহিনের সাত সহযোগীকে ধরে পুলিশে সোপর্দ করে। ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র ও হামলাকারীদের মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। তবে তুহিন পালিয়ে যান।