সিলেটে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০৯:৩৯
সিলেটে রায়নগরে প্রতিপক্ষের হামলায় বিপ্লব রায় বিকল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বিপ্লবের দুই বন্ধু। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর রায়নগর পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে।
 
বিপ্লব নগরীর মেজরটিলা এলাকার বিজয় লালের ছেলে। আহতরা হচ্ছেন- নগরীর রায়নগর ১৯ নম্বর গলির হরিলাল দাসের ছেলে অনন্ত লাল দাস (২৮) ও রায়নগর সেবক ১৩৩ নম্বর বাসার স্বপন দের ছেলে প্রীতম দে (২৬)।
 
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান,  রায়নগরে জাবেদ সিরাজের ভাইয়ের সঙ্গে ছাত্রলীগের অপর একটি গ্রুপের মারামারি হয়েছিল। এ নিয়েই মূলত ঘটনাটি ঘটেছে। হামলায় গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত দেড়টার দিকে আহত বিপ্লব রায় বিকল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
 
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত নার্স অনিতা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে বিপ্লবের মৃত্যু হয়েছে। রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক রুবেল তাকে মৃত ঘোষণা করেন। বিপ্লবের বুকের বাম পাশে আঘাতের চিহ্ন ছিল বলে জানান তিনি।