সিরিয়ার শেষ ঘাঁটিও হারাল আইএস

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:১৫

রয়টার্স

সিরিয়ার শেষ ঘাঁটিটিও হারালো আইএস (ইসলামিক স্টেট)। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর কাছে এরই মধ্যে কয়েকশ’ আইএস যোদ্ধা আত্মসমর্পণ করেছে। এছাড়া অনেকেই তাদের স্বজনদের নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। এসডিএফ জানিয়েছে, আইএস যোদ্ধারা বাঘুজে মরিয়া হয়ে শেষ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষপর্যন্ত তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। ইরাক ও সিরিয়ার এক-তৃতীয়াংশ জুড়ে একসময় প্রতিষ্ঠিত আইএস খিলফতের শেষ এলাকা ছিল এটি। এসডিএফ বলেছে, জিহাদীরা ২০ জনের বেশি আত্মঘাতী বোমারু লেলিয়ে দিয়ে দুইদিনে তিনবার পাল্টা হামলার চেষ্টা করেছে। এক বিবৃতিতে এসডিএফ বলেছে, তাদের যোদ্ধারা ইরাক সীমান্তের কাছে পূর্ব সিরিয়ায় আইএস-এর শেষ এলাকায় লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে। বৃহস্পতিবার সকালে এসডিএফ সেনাদের ওপর হামলা করতে গিয়ে ১৫ আইএস যোদ্ধা নিহত হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়,“আমাদের যোদ্ধারা লড়াইয়ে সন্ত্রাসী সংগঠনটির জয়লাভের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।” এলাকাটিতে গোলা হামলা এবং যুদ্ধবিমান হামলা হয়েছে। এসডিএফ বলেছে, এ সপ্তাহের শুরু থেকে বাঘুজে শুরু হওয়া লড়াইয়ে এ পর্যন্ত ১১২ আইএস যোদ্ধা নিহত হওয়ার খবর নিশ্চিত হতে পেরেছে তারা।