তানজানিয়ায় ৫শ’ সন্দেহভাজন যৌনকর্মী গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১০:৫৫
তানজানিয়ায় সন্দেহভাজন ৫শ’ যৌনকর্মী ও প্রায় ৩শ’ সন্দেহভাজন খদ্দেরকে গ্রেপ্তার করা হয়েছে। দেহব্যবসার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে দেশটির নিরাপত্তা বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
 
গ্রেপ্তার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বুধবার আদালতে প্রথম সন্দেহভাজনকে হাজির করার কথা রয়েছে বলে দার এস সালামের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন। এক সপ্তাহ আগে শুরু হওয়া এই গ্রেপ্তার অভিযানের সমালোচনা করেছে অধিকার গোষ্ঠীগুলো এই গ্রেপ্তার অভিযানের সমালোচনা করেছে। তানজানিয়ায় দেহব্যবসা বেআইনি।
 
দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট জন মাগুফুলি ইতিপূর্বে দেশটিতে চলা দেহব্যবসার সমালোচনা করেছিলেন। নভেম্বরে ক্ষমতাগ্রহণের পর আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন ‘বুলডোজার’ নামে পরিচিতি পাওয়া দেশটির প্রেসিডেন্ট মাগুফুলি।
 
দার এস সালামের উপ পুলিশ কমিশনার জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনদের তিনটি কারাগারে আটক রাখা হয়েছে বলে জানা গেছে। তিনি আরও জানান, তানজানিয়ায় মাদক ও সহিংস অপরাধের সঙ্গে যৌনবাণিজ্যের সম্পর্ক রয়েছে। বিবিসি।