সৈয়দপুর-ঢাকা রুটে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দিনে দুইটি ফ্লাইট ও একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি এই ঘোষণা দিয়ে বিমান চলাচলের সকল প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
নভোএয়ারের এয়াপোর্ট ম্যানেজার বদরুজ্জোহা জানান, ৬৮ আসন বিশিষ্ট এই প্রিমিয়ার বিমান ঢাকায় নয়টা ১৫ মিনিটে ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে সকাল ১০টা ১৫ মিনিটে এবং আরেকটি ফ্লাইট বিকেল চারটায় ঢাকা ছেড়ে সৈয়দপুরে পৌঁছাবে বিকাল পাঁচটায়।
তিনি আরো বলেন, যাত্রীবাহী নভোএয়ারের এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ২০০ টাকা থেকে ৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত। তবে যাত্রীরা একটি কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন। এই সুযোগ বিমান চলাচলের দিন ১৭ মার্চ ১৬ এপ্রিল পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি। শুধু যাত্রী পরিবহন নয় খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নভোএয়ার ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
নভোএয়ারের আনুষ্ঠানিক চলাচল উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দরে কেক কেটে উদ্বোধনের প্রস্ততি নেয়া হয়েছে। এই অনুষ্ঠানে নভো এয়ারের এমডি গ্রুপ ক্যাপ্টেন (অব:) এম. মফিজুর রহমান, সিভিল এভিয়েশনের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিমান এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
বর্তমানে সৈয়দপুর-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের একটি, ইউএস বাংলার দুইটি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। ইউনাইটেড এয়ারওয়েজের বিমান চলাচল করলেও বর্তমানে চলাচল সাময়িক বন্ধ রয়েছে বলে জানান এয়াপোর্ট ম্যানেজার শাহিন আহমেদ।
