মৃত্যুর ১৯ বছর পর অনাথ শিশুদের ‘মা’ মাদার তেরেসা এবার ‘সন্ত’ হচ্ছেন। তিনি পাচ্ছেন ‘সেন্টহুড’। তাঁর এই উত্তরণের পথে শেষ যেটার প্রয়োজন ছিল, সেই পোপ ফ্রান্সিসের অনুমোদনও পেয়ে গেলেন ‘মাদার’।
ভ্যাটিকান সিটি জানিয়েছে, মাদার তেরেসাকে এই নতুন মর্যাদায় বরণ করে নেয়া হবে ৪ সেপ্টেম্বর। রোমান ক্যাথলিকরা যাকে বলেন, ‘ক্যানোনাইজেশান’। তবে কোথায়, কোন্ অনুষ্ঠানের মাধ্যমে মাদারকে প্রথা অনুযায়ী ওই নতুন মর্যাদায় বরণ করে নেয়া হবে, ভ্যাটিকানের পক্ষ থেকে তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে তা রোমেরই কোথাও হওয়ার কথা। ঠিক হয়েছে, তারপর আরো একটি ধন্যবাদজ্ঞাপক অনুষ্ঠান হবে কলকাতায়। যেখানে তিনি সমাহিত হয়েছিলেন।
