বরিশাল সদর রোডে আলফা-মাহিন্দ্র চলবে না, স্বস্তিতে নগরবাসী

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:১৯

বরিশাল অফিস

বরিশাল নগরীর প্রধান সড়ক সদর রোডে দ্রুতগতির বাহন আলফা-মাহিন্দ্র চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। গত দু’দিন যাবত্ এ সড়কে ঝুঁকিপূর্ণ বাহনের পরিবর্তে সিটি করপোরেশন থেকে লাইসেন্সপ্রাপ্ত একসময়ে নিষিদ্ধ থাকা পরিবেশবান্ধব ইজিবাইক চলাচল শুরু হয়েছে। এতে করে নগরজীবনে স্বস্তি নেমে এসেছে। এদিকে এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি বাহন অটোরিক্সার বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, ২০০৮ সালের দিকে ২৬১০টি ব্যাটারিচালিত পরিবেশবান্ধব অটোরিকশা লাইসেন্স নিয়ে নগরীতে চলাচল শুরু করে। কিন্তু ২০১২ সালে আঞ্চলিক পরিবহন কমিটি সিটি করপোরেশনের লাইসেন্সপ্রাপ্ত এ ইজিবাইক বন্ধ করে নগরীতে বিকট শব্দের ও দ্রুতগতির বাহন আলফা-মাহেন্দ্র পরিচালনা শুরু করে। সিটি করপোরেশনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগের তত্কালীন কর্মকর্তারা এসব বাহন  চলাচলের অনুমতি দেন। সেসময় বিসিসির লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইক আটকসহ নগরীর মূল সড়কে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে নগরীর অলিগলিতে ঢুকে পড়ে এ বাহন। এ নিয়ে ইজিবাইক চালকরা একাধিবার স্মারকলিপি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করলেও কেউ গুরুত্ব দেয়নি। গত সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হওয়ার পর ইজিবাইক মালিক ও চালক পরিবারের সদস্যরা মেয়রের কাছে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন এবং বিকট শব্দের বাহন আলফা-মাহিন্দ্র বন্ধ করে পুনরায় ইজিবাইক চালুর দাবি জানান। মেয়র বিষয়টি নিয়ে বিআরটিএ ও পুলিশ কর্মকর্তাদের সাথে আলোচনা করলে পুনরায় ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়।

এদিকে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক সদর রোডে ইজিবাইক চলাচল শুরু করায় এবং আলফা-মাহিন্দ্র বন্ধ হওয়ায় নগরীর বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। মূল এ সড়কে বিকট শব্দ ও দ্রুতগতির বাহন বন্ধ থাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীসহ নারী ও বয়স্করা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এ ব্যাপারে ইত্তেফাককে জানান, নগরবাসী দ্রুতগতির ও বিকট শব্দের যানবাহনে নানা ভাবে ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। সরেজমিনে বিষয়টি অনুধাবন করে তিনি সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনদের সাথে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল আলম ইত্তেফাককে জানান, প্রয়োজনীয়তা অনুভব করে ইজিবাইক মূল নগরীতে চলাচলের অনুমতি দিয়ে আলফা-মাহিন্দ্র চলাচল বন্ধ করা হয়েছে।