স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করে না : মায়া

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৮:৪১
 
স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করে না বলে মন্তব্য করেছেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি।
 
মন্ত্রী আরো বলেন, 'যারা জাতির পিতার জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাবে না। তার জন্মদিন পালন করবে না। তারা স্বাধীনতার শত্রু। তারা বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে বিশ্বাস করে না।'
 
নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মায়া বলেন, 'যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহা মানবের জন্মদিন বৃহস্পতিবার। আমরা সবাই সেই দিন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করব। সকালে তার স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাব।'
 
বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সভা আয়োজন করে।
 
বিএনপিনেত্রীকে উদ্দেশ করে ত্রাণমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বে বিশ্বাস করে না, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা দিয়ে প্রশ্ন তোলে তাদের বিচার একদিন হবেই। এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, 'আমাদের ঘরে ঘরে পাহারা দিতে হবে। এই দুশমনদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।' বিডি নিউজ।