পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ মুক্তিযোদ্ধার সন্তান

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:২০

সাতক্ষীরায় ছেলেকে ফিরে

পেতে মায়ের আকুতি

সাতক্ষীরা প্রতিনিধি

আমরা পুলিশের লোক দরজা খুলুন, এমন কথা জানিয়ে শুক্রবার গভীর রাতে ছেলেটাকে নিয়ে যাওয়া হলো। এখন পর্যন্ত আবদুল হাকিমের খোঁজ মেলেনি। আমার ছেলে কোনো ধরনের অপরাধী নয়। তারপরও আইনের চোখে সে দোষী হয়ে থাকলে তার বিচার হোক। কিন্তু আমার ছেলে কোথায় তা আমাকে জানাতে হবে। গত বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এই আকুতি জানান জেলা শহরের সুলতানপুর ঝিলপাড়ার প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল খালেকের পত্নী মোমেনা খাতুন।

এ সময় নিখোঁজ হাকিমের স্ত্রী আলেয়া বেগম, ছোট ভাই আবুল কালাম ও ছেলে আলি হোসেন উপস্থিত ছিলেন। নিখোঁজ আবদুল হাকিম একজন ইজি বাইক ব্যবসায়ী ও স্থানীয় একটি সাপ্তাহিকের বার্তা সম্পাদক। মোমেনা খাতুন বলেন, ছেলের বাবা মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়ায় কথিত পুলিশ সদস্যরা বলেন, ওসব এখন আর চলে না। তিনি বলেন, ছেলেকে নিয়ে গেলেও সাদা পোশাকধারী পুলিশের চারজন বাড়িতে বসে থাকেন। ভোরে তারা মোবাইলে কোনো একজনের সঙ্গে কথা বলেন। এরপর চলে যান। থানায় গিয়েছি। গোয়েন্দা পুলিশের কাছে গিয়েছি। র্যাবের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা কেউ খোঁজ দিতে পারেনি। তিনি বলেন, একটি স্বাধীন দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে রাতে পুলিশ পরিচয়ে কারা তুলে নিল, তারা দুর্বৃত্ত নাকি সত্যিই পুলিশের লোক তা জানতে চাই। আমার ছেলেকে ফেরত চাই।