যশোরের উপশহর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এহসানুর রহমান লিটুর নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার উপশহর বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। এতে সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহত দুইজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এহসানুর রহমান লিটুর বি-ব্লক এলাকার নির্বাচনী কার্যালয়ের সামনে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় উপশহর ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থী আসমা বেগম, একই এলাকার রিনা খাতুন ও হায়দার আলী আহত হন। তাদের মধ্যে আসমা বেগম ও হায়দার আলীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এহসানুল রহমান লিটু জানান, বিএনপি প্রার্থীর লোকজন ওই বোমা হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। অন্য কেউ এখানে বোমা হামলার সাহস পাবে না।
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের সামনে দুটি বোমার বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এসআই বিপ্লবের নেতৃত্বে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
