নতুন প্রজন্মকে সৃজনশীল করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে জয়পুরহাটে প্রথম বারের মতো উদ্বোধন করা হয়েছে চারুকলা উৎসব-২০১৬। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীসহ স্থানীয় বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী উৎসবে অংশগ্রহণ করেছেন।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ জয়পুরহাট জেলা শাখা জেলা শহরের অদূরে তেঘর উচ্চ বিদ্যালয় চত্বরে এই উৎসবের আয়োজন করেছে। সহযোগিতা করছেন স্থানীয় জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমী।
বুধবার সকালে ছবি আঁকিয়ে উৎসবের উদ্বোধন করেন দেশ বরেণ্য শিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী। প্রধান অতিথি ছিলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, স্থানিয় কমিটির আহবায়ক আমিনুল হক বাবুল ও প্রধান সমন্বয়ক হারুন আর রশিদ টুটুল ।
বক্তারা বলেন, এই উৎসব চারুকলা বিষয়ে শহরের বাইরে গ্রামীণ পরিবেশে অধ্যয়রত শিক্ষার্থীদের শিল্প রচনার সুযোগ সৃষ্টি ও আগ্রহী করে তুলবে। এ ছাড়াও আর্টক্যাম্পে শিল্পকর্ম নির্মাণের পরিবেশ, তারুন্য ও বরেণ্য শিল্পীদের সানিধ্য অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মনকে আলোকিত করবে। এই উৎসবে বাঙালী সংস্কৃতির অনুসঙ্গের মাঝে রচিত হবে শিল্প । ১৯ মার্চ শেষ হবে এ বর্ণাঢ্য উৎসব।
উৎসবে ঢাকা থেকে আগত দেশ বরেণ্য শিল্পীদের মধ্যে সমরজিৎ রায় চৌধুরী, হামিদুজ্জামান খান, সৈয়দ আবুল বারক আলভী, মাহমুদুল হক, আব্দুস শাকুর শাহ, ফরিদা জামান, নাইমা হক, রনজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, বিপাশা হায়াৎ, শিশির ভট্টাচার্য সহ জাতীয় ও স্থানিয় পর্যায়ের তিন শতাধিক প্রবীণ ও রবীন শিল্পী অংশ গ্রহন করেছেন উৎসবে। উৎসবে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এখানে আঁকা ছবি নিয়ে ২৬ থেকে ৩১ মার্চ ঢাকাতে প্রদর্শনী হবে বলে আয়োজকরা জানান।
