আগৈলঝাড়ায় যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ০০:৪১
নিখোঁজ হওয়ার ৩দিন পর বুধবার সন্ধায় বরিশালের আগৈলঝাড়ায় বস্তাবন্দী অবস্থায় শাহেন শাহ্ (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গৌরনদীর দক্ষিন পালরদী গ্রামের রিক্সাচালক ফরহাদ খানের পুত্র।
শাহেন শাহ্‌র পরিবারের সদস্যরা জানান, গত ১৩ মার্চ রাতে শাহেন শাহ নিখোঁজ হয়। ১৫ মার্চ রাতে তার বাবা গৌরনদী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বুধবার সন্ধায় স্থানীয়রা আগৈলঝাড়ার ছয়গ্রাম কলেজের পাশ্ববর্তী খালে বস্তাবন্দি অবস্থায় তার লাশ ভাসতে দেখে। তারা পুলিশে খবর দিলে আগৈলঝাড়া থানা পুলিশ শাহেন শাহ্‌র লাশ উদ্ধার করে।
পরবর্তীতে শাহেন শাহর লাশ দেখে তার পরিবারের সদস্যরা সনাক্ত করেন। পুলিশ জানায়, ওই যুবককে হাত-পা বাধা অবস্থায় বস্তার মধ্যে পাওয়া গেছে। তাকে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।