কুমিল্লায় বঙ্গবন্ধুর ৯৭ তম জন্মদিবস পালিত

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৩:২৩
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লায় র‌্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর টাউন হল মাঠ থেকে একটি র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন,  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঁইয়া, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুলসহ নগরীর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
 
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জেলার বিভিন্নস্থানে আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়।