রংপুর অফিস
কলস দিয়ে তিস্তায় পানি ঢেলে প্রতিবাদ জানিয়েছে নদী বিষয়ক সংগঠন রিভারাইন পিপল। ‘বাঁচলে নদী, বাঁচবে জীবন’ এই শ্লোগানকে সামনে নিয়ে রংপুরের কাউনিয়া পয়েন্টে রেল এবং সড়ক সেতুর মধ্যবর্তী তিস্তা নদীতে এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
জানা যায়, ভারতের একতরফা তিস্তার পানি প্রত্যাহারের প্রতিবাদে রিভারাইন পিপলের পক্ষে এই প্রতীকী কর্মসূচি পালন করা হয়। পরে তিস্তায় পানির দাবিতে সংগঠনটির পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় লোকজনও স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘ভারতের একতরফা পানি প্রত্যাহার করার কারণে শুধু বাংলাদেশের উত্তরাঞ্চল ক্ষতির মধ্যে পড়েনি, সমুদ্র এলাকায় পর্যন্ত এই ক্ষতির প্রভাব পড়তে শুরু করেছে। নদীতে পানি না থাকলে সমুদ্রে উজানের পানির চাপ কম থাকে। ফলে লবণাক্ত পানি উজানের দিকে উঠে আসছে। তিস্তায় পানি না থাকায় এ নদীর শাখা নদীগুলোও মরতে বসেছে। তিস্তার পানির ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনে জাতিসংঘ প্রণীত আইনের মাধ্যমে পানির ব্যবস্থা করতে হবে।
