ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষণা ও পুলিশি হয়রানির প্রতিবাদে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মৌড়াইলস্থ বাসবভনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার দলীয় মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের কেন্দ্রে কেন্দ্রে প্রকাশ্যে ভোট দেয়ার ঘোষণায় আমরা শঙ্কিত। তাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
এতে আরো বলা হয়, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পুলিশ হয়রানি করছে। তাদেরকে মামলার ভয় দেখিয়ে নির্বাচনী তৎপরতা থেকে বিরত রাখছে। নির্বাচনকে কেন্দ্র করে ৪০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ নেতারা উপস্থিত ছিলেন।
