ইউনিয়ন পরিষদের নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদ-প্রার্থীদের মধ্যে ২৬ জনকে জরিমানা করা হয়েছে।
বুধবার বিকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- হাবিবুল আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের এসব প্রার্থীর জরিমানাদেশ দেন।
এর মধ্যে কঞ্চিবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আঃ করিম (চশমা), ছাপড়হাটীর তাজুল ইসলাম ও সোনারায় ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী বদিরুল আহসান সেলিমকে দুই হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া চেয়ারম্যানপ্রার্থী বামনডাঙ্গা ইউপির জাপা মনোনীত প্রার্থী রেজাউল হক রেজা (লাঙ্গল), সমেস উদ্দিন বাদশা (চশমা), আব্দুল গফুর মন্ডল (আনারস), শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থী শাহদাত হোসেন (ধানের শীষ) এর ১ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া ১৩ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও সংরক্ষিত আসনের সদস্য পদ-প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার অপরাধে ১৯ জনকে এক হাজার টাকা করে জরিমানাদেশ দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- হাবিবুল আলম বলেন, মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। যেখানেই আচরণ বিধি লঙ্ঘন কার হবে সেখানেই প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
