গাইবান্ধার সুন্দরঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, ইউপি নির্বাচনে ১৩ ইউনিয়নের মধ্যে ৯নং ছাপড়হাটী ইউনিয়নে নয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শুধুমাত্র একজন নারী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোত্স্না বেগম আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার স্বামী আবু বক্কর সিদ্দিক গতবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
তিনি জানান, আমি নিঃসন্তান আমার চাওয়া পাওয়ার কিছু নেই। নির্বাচিত হতে পারলে পরপর তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান শ্বশুর আছরত উল্লা সরকারের সুনাম ধরে রাখার চেষ্টা করব। বাকি জীবনটা অবহেলিত জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করে কাটাতে চাই।।
জ্যোত্স্না বেগম বলেন, এখনও তৃণমূল পর্যায়ে নারীরা অনেক ক্ষেত্রে অবহেলিত। পুরুষশাসিত সমাজে নারীরা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও ইউনিয়ন পরিষদে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আমি নির্বাচিত হলে ওইসব বৈষম্য দূর করে ইউনিয়ন পরিষদে নারীর সমঅধিকার আদায়ে নারী-পুরুষ সমানে-সমান প্রতিষ্ঠা করব।
