একদিকে মানুষের লোভ অন্যদিকে তার স্বাধীনতা। এ দুইয়ের বিরোধ দ্বন্দ্বমুখর অবস্থানকে ক্যানভাসে তুলে এনেছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি শিল্পী রা কাজল। রাজধানীর লালমাটিয়ার শিল্পাঙ্গন গ্যালারিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘গ্রিডম এন্ড ফ্রি ফেইসেস’ শীর্ষক এই চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী আনুষ্ঠানিকতার আয়োজন হয়। উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও চিত্রসমালোচক সৈয়দ মনজুরুল ইসলাম। উপস্থিত ছিলেন শিল্পী রা কাজল ও শিল্পাঙ্গন গ্যালারির পরিচালক রুমী নোমান।
মানুষের লোভ এবং স্বাধীনতা এ নিয়েই পৃথিবীতে যত আন্দোলন এবং যত বিপত্তি। ইংরেজি শব্দ ‘গ্রিড’ এবং ‘ফ্রিডম’ এ দুয়ের দ্বন্দ্বমুখর অবস্থান বোঝাতে শিল্পী এঁকেছেন ‘গ্রিডম’ সিরিজের ছবিগুলো।
উদ্বোধনী পর্বে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতার নামে যে দেয়াল উঠছে সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। বিশ্বের বড় বড় অনেক নেতাও এই দেয়াল তৈরির কথা বলছেন। আমরা সঠিকভাবে নিজেদের প্রশ্ন করলে এইসকল বিষয়ের উত্তর পেতে পারি।’
রা কাজল বলেন, ‘লোভের থেকে আমাদের মুক্তি দরকার। ফ্রিডম অব গ্রিড নয় ফ্রিডম ফ্রম গ্রিড। আমি এটাই বলতে চেয়েছি। দেয়াল ভেঙে আবার দেয়াল গড়ছে। নানা স্বার্থে নানা কারণে।
গ্রিডম সিরিজের চিত্রকর্মগুলো পেন্সিল ও জলরংয়ে আঁঁকা। অন্যদিকে ফ্রি ফেইসেস চিত্রকর্মগুলোতে ব্যবহার করা হয়েছে কালি ও রং। ৩৪টি চিত্রকর্ম নিয়ে এই প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
সম্মিলন, সমৃদ্ধি ও প্রগতির পক্ষে লেখক সংঘের আহবান
‘আমরা যখন লেখকদের সংঘ করি, তখন এই প্রশ্নটা আমাদের মনের মধ্যে থাকে যে, লেখা কী সংঘবদ্ধভাবে সৃষ্টি করা যায়? প্রত্যেকটি লেখক তো একজন মানুষ, বিশিষ্ট মানুষ এবং তিনিই লেখেন। কিন্তু সংঘ ছাড়া, সম্মিলিত হওয়া ছাড়া লেখা সম্ভব নয়, এটাও সত্য।’ বলছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের তৃতীয় জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন কবি মোহাম্মদ রফিক। উদ্বোধনের পর একটি শোভাযাত্রা চারুকলা প্রাঙ্গণ থেকে ঘুরে গবেষণা কেন্দ্র মিলনায়তনে এসে শেষ হয়।
