খুলনা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:৪২
খুলনা জেনারেল হাসপাতাল (সদর) থেকে এক নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতাল থেকে নবজাতক চুরির বিষয়টি প্রকাশ হয়। খুলনার সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জেনারেল হাসপাতালের সূত্র জানায়, সন্তান সম্ভবা খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সানজিদা বেগমকে (২৫) গত ১৪ মার্চ খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ রাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি জমজ সন্তানের জন্ম দেন। যার একটি পুত্র ও একটি কন্যা সন্তান। সন্তানদের নিয়ে মা হাসপাতালের দ্বিতীয় তলায় লেবার (গাইনি) ওয়ার্ডে ছিলেন। বৃহস্পতিবার সকালে শিশু দুটির মা ঘুমিয়ে থাকার সুযোগে ছেলে নবজাতকটিকে দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যায়।
 
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই প্রসূতি মায়ের সঙ্গে পাশের বেডের জনৈক মহিলা সখ্য গড়ে তোলেন। চুরির ঘটনার পর থেকে ওই মহিলাটিও নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নবজাতকের বাবা মামলা দায়ের করেছেন।
 
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনার সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. গোলক বিহারী স্বর্ণকারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- সিনিয়র কনসালটেন্ট ডা. মো. রফিকুল ইসলাম ও  অর্থপেডিক্স বিভাগের প্রধান ডা. মো. মোস্তাফিজুর রহমান। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।