৬৫টি সংগঠনের নিবন্ধন সম্পন্ন

২৬ মার্চ বাংলাদেশের পতাকাসহ নিউইয়র্কে সহস্র জনতার শোভাযাত্রা

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ২১:৪২
 
বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে বাংলাদেশের পতাকা নিয়ে শোভাযাত্রা করতে যাচ্ছে স্থানীয় ৬৫টি সংগঠন। স্বাধীনতার দিনে এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- মাসুদ বিন মোমেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, শামীম আহসান, কনসাল জেনারেল, বাংলাদেশ কনসুলেট, নিউইয়র্ক, নিশা আগরওয়াল, কমিশনার, ইমিগ্রেশন এফেয়ার্স, হোজে পেরাল্টা স্টেট সিনেটর, রিচার্ড টেলর, ফিলিস টেলর। এ ছাড়া নিউইয়র্ক স্টেট গভর্ণর অফিস, মেয়র অফিস, কম্পট্রোলার অফিসের প্রতিনিধিবৃন্দ প্যারেডে যোগ দেয়া নিশ্চিত করেছে।
 
ইংরেজী বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী সকল সংগঠন এই প্রক্রিয়ায় ঐক্যবদ্ধভাবে নিউইয়র্কে স্বাধীনতা দিবস পালনের এই উদ্যোগ গ্রহণ করেছে। নিউইয়র্কের সকল বাংলা সংবাদ মাধ্যম ও সংগঠনগুলোর সহযোগিতায় মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ আগামি ২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পালনের জন্য কর্মসূচী নিয়ে বিভিন্ন সংগঠনের সাথে যোগাযোগ করলে সকলে এই উদ্যোগকে স্বাগত জানায়।
 
আগামি ২৬ মার্চ জ্যাকসন হাইটসের ডায়ভারসিটি প্লাজায় সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হবে। উন্মুক্ত মঞ্চে থাকবে স্বাধীনতার গান। ১.০১ মিনিটে থাকবে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার প্যারেড। এই প্যারেডে ইতিমধ্যে নিউইয়র্ক গভর্নর অফিস, মেয়র অফিস এবং নিউইয়র্ক সিটি কম্পট্রলার অফিস গর্বিত অংশীদার হিসেবে নিজেদের সম্পৃক্ত করেছেন।