সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীস্হ বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ ইসলামীয়া স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পিতবার সকাল ৯ টায় দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক, আরব আমিরাত বাংলাদেশ সমিতি, যুবলীগ ও বাংলদেশ স্কুলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়ে জন্ম দিনের কেক কেটে উৎসব পালন করেন প্রবাসী শিক্ষার্থী ও মুজিবীয় সৈনিকেরা। পরে দূতাবাসে ও স্কুল মিলানায়তনে পৃথক পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।
দূতাবাসে রাষ্ট্রদূতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসিডেন্ট, প্রধান মন্ত্রী, পরাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়। এই সময় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, আবুধাবী জনতা ব্যাংকের সি ই ও ইসমাঈল হোসেন প্রমুখ বক্তব্য করেন।
আবুধাবী ইসলামিয়া স্কুলের আলোচনা সভা স্কুল অধ্যক্ষ মীর আনিসুল হাসানের সভাপতিত্বে এবং অধ্যাপক এস এম আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্টদূত মোহাম্মদ ইমরান। এ সময়ে স্কুল শিক্ষক আবদুর রহিম, মোখলেছুর রহমান, কমিুনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, আবুধাবী কমিনিউটি পুলিশের প্রতিনিধি, স্কুল ছাত্রী জেরিন তাসনীম, ছাত্র হাসানসহ অনেকে বক্তব্য করেন।
বক্তারা বলেন, জাতীয় শিশু দিবসটি প্রবাসে বসবাস রত নতুন প্রজম্মের কাছে অনেক গুরুত্ব বহন করে। শিশুদের মাঝে দেশের সঠিক ইতিহাস তুলে ধরে তাদেরকে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ে নিজেদের মাঝে নবরূপে প্রাণের সঞ্চার করে আগামী দিনে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
