ইত্তেফাক রিপোর্ট
গ্যাসের মূল্য এক টাকাও বৃদ্ধি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীরসাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘জাতীয় শ্রমিক কনভেনশন’- এ প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ না করে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর চেষ্টা দেশের সাধারণ মানুষকে শোষণের নামান্তর। গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে জনগণ তা মেনে নেবে না।
চরমোনাই পীর বলেন, রাষ্ট্রীয় এবং দলীয় লুটপাট, দুর্নীতি ও কায়েমী স্বার্থবাদীদের কারণে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। স্বাধীনতার ৪৮ বছর পরেও শ্রমিকদের সমস্যার শেষ নেই। গার্মেন্টস ও কৃষি থেকে শুরু করে সর্বস্তরের শ্রমিকরা এখনো ঝুঁকিপূর্ণ পরিবেশ ও ন্যায্য মজুরির বঞ্চনা নিয়েই কাজ করছেন। সরকারগুলো শ্রমিকদের সংকটের বাস্তবমুখী সমাধান করছে না। যে কারণে কর্মক্ষেত্রে দুর্ঘটনা, শিল্পবিরোধ, স্বাস্থ্য সমস্যা, বকেয়া মজুরি, বিনা নোটিশে ছাঁটাই, নারী শ্রমিকদের যৌন হয়রানিসহ সর্বত্র সমস্যা থেকেই যাচ্ছে।
মুফতি রেজাউল করীম বলেন, ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার মাধ্যমে সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে বিতর্কিত করেছে। সিইসি’র বক্তব্যে থলের বিড়াল বের হয়ে এসেছে। সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা মানুষের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। পুঁজিপতিরা শ্রমিকদের কলুরবলদ হিসেবে ব্যবহার করে টাকার পাহাড় গড়ে তুলছে।
শ্রমিক কনভেনশনে ১৭ দফা প্রস্তাবনা পেশ করা হয়। এরমধ্যে রয়েছে- শ্রমিকদের সম্মানিত নাগরিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, তাদের আইডি কার্ড প্রদান, রেশনিং ব্যবস্থা, বিনা সুদে প্রয়োজনীয় ঋণ ও শ্রমিকের সর্বনিম্ন মজুরি ১৬ হাজার টাকা নির্ধারণ করা। ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকনের সভাপতিত্বে কনভেনশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব এ টি এম হেমায়েত উদ্দীন প্রমুখ।
