টি-২০ বিশ্বকাপের প্রাইজমানি বেড়ে ১০ মিলিয়ন ডলারে

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১০:৫৫
গতবারের চেয়ে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের ষষ্ঠ আসরের প্রাইজমানি বাড়লো ৩৩ শতাংশ। ফলে চলমান টি-২০ বিশ্বকাপের মোট প্রাইজমানি হলো ১০ মিলিয়ন ডলার। এরমধ্যে চ্যাম্পিয়ন দলই জিতবে ৩.৫ মিলিয়ন ডলার। যা বাংলাদেশী টাকায় প্রায় ২৭ কোটি ৪০ লাখ।
 
টুর্নামেন্টের অংশ নিচ্ছে মোট ১৬টি দল। সকল দলকে দেয়া হয়েছে ৩ লাখ ডলার করে। সুপার টেনের প্রতি ম্যাচ জয়ী দল পাবে ৫০ হাজার ডলার। সুপার টেনের পর্ব পেরিয়ে সেমিফাইনালে যেতে পারলেই দলগুলোর হাতে এসে পড়বে আরও কাড়ি কাড়ি অর্থ। সেমিফাইনালে চার দলের প্রত্যকেই পাবে ৭ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় দাড়াচ্ছে ৫ কোটি ৮৮ লাখ।
 
এখানেই শেষ নয়। ফাইনালের জন্য থাকছে ৫ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৩.৫ মিলিয়ন ডলার। আর রানার্স-আপ দল পাবে ১.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশী টাকায় চ্যাম্পিয়নরা পাবেন ২৭ কোটি ৪০ লাখ। আর রানার্স-আপরা পকেটে ভরবেন বাংলাদেশী টাকায় ১১ কোটি ৭৬ লাখ।
 
প্রাইজমানির এমন অর্থ দেখে স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে, 'ছোট ফরম্যাটের বিশ্বকাপের মূল্য এখন অনেক ভারী।' খবর- বাসস।