নাইজারে ইসলামপন্থী জঙ্গিদের দুটি পৃথক হামলায় বৃহস্পতিবার তিন পুলিশ ও এক সৈন্য নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক দিন আগে এই ঘটনাটি ঘটল। ফ্রান্সের বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নাইজারের স্বারাষ্ট্রমন্ত্রী হাসিমি মাসাউদু বলেন, 'আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এর সঙ্গে এই বন্দুকধারীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুরকিনা ফাসু সীমান্তের কাছে দোলবেলের একটি বাজারে তিন পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।'
এই ঘটনায় মাসাউদু আরো বলেন, 'হামলাকারীদের প্রতিহত করা হয়েছে। আমরা এখন হামলাকারীদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছি। এই ঘটনায় কতজন হামলাকারী হতাহত হয়েছে আমরা তা জানতে পারিনি। তারা তাদের সঙ্গীদের মৃতদেহ ও আহতদের সঙ্গে করে নিয়ে গেছে।'
এছাড়া আরেকটি ঘটনায় নাইজেরিয়া সীমান্তের কাছে ৪ আত্মঘাতী হামলাকারী সৈন্যদের একটি গাড়িবহরে হামলা চালায়। সেখানে এক স্থানীয় সামরিক কমান্ডার নিহত ও অপর দুই সৈন্য আহত হয়েছে।
