দিনাজপুরে শুক্রবার যাত্রীবাহী মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিনাজপুর পুলিশ কন্ট্রোল সূত্র জানায়, সকাল ৯টায় দিনাজপুর থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস সদর উপজেলার পাঁচবাড়ী এলাকায় মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে এর সামনের অংশ ভেঙ্গে যায়।
এই ঘটনায় মোটরসাইকেল আরোহী মাইকেল (২৫), মনির (১৮), বাদল (২২) এবং মাইক্রোবাসের চালক ফরিদুল (৪০) ও যাত্রী নুর জাহান (২৮) গুরুতর আহত হন। আহত ৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত মাইক্রোবাসের ৬ যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
