‘এপ্রিলে ডিএসসিসিভুক্ত নতুন ওয়ার্ডে এলইডি বাতি জ্বলবে’

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

আগামী এপ্রিলের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকার সড়কসমূহে এলইডি বাতি বসানো হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, এরই মধ্যে বর্ধিত ওয়ার্ডগুলোর ১৯০ কিলোমিটার সড়কে ৬ হাজার ৬শ এলইডি বাতি বসানো হয়েছে। আগামী ১ এপ্রিল এ সব বাতি জ্বালানো হবে। ডিএসসিসি’র বর্ধিত এলাকার জন্য ১০ হাজার এলইডি বাতি প্রয়োজন হবে। দুই মাসের মধ্যে এ সব এলাকা এলইডি বাতির আলোয় আলোকিত হবে বলেও জানান মেয়র। গত বৃহস্পতিবার কোনাপাড়া এলাকায় ডিএসসিসির নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সাঈদ খোকন বলেন, নবগঠিত ওয়ার্ডগুলোর রাস্তা সংস্কার কাজ শুরু হয়েছে। এরই মধ্যে ৭৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে সব কাজ শেষ হবে বলে জানান মেয়র। এ ছাড়া ডিএসসিসিভুক্ত ওয়ার্ডগুলো নিয়ে মাস্টার প্লান করা হয়েছে। যাত্রাবাড়ি থেকে দক্ষিণখান পর্যন্ত ৪শ ফুট রাস্তা হবে। আগামী ১০ বছরের মধ্যে গুলশান-বনানীর সঙ্গে নবগঠিত ওয়ার্ডগুলোর কোনো পার্থক্য থাকবে না। আমরা তিন ধাপে কাজ করব। এ মাস্টার প্লান বাস্তবায়ন হলে আমাদের পরবর্তী প্রজন্ম আধুনিক সুবিধা পাবে। এ সময় তিনি নবগঠিত ওয়ার্ডগুলোর কাজের ফিরিস্তি তুলে ধরেন।