দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় ইটভাটার ক্লিলিঙ্গের দেয়ালের নিচে চাপা পড়ে সাকিম (২৪) নামে এক ট্রলি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত রায়হানুর (২৮) ও মিন্টু (১৫) নামের অপর দুই শ্রমিক আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে সাতটায় এলাকার আরটিবি নামের ওই ইটভাটায় এ ঘটনা ঘটে। সাকিম আলী উপজেলার হরিনাথপুর নয়াপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে। আহত রায়হানুর হরিনাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং মিন্টু খোসলামপুর গ্রামের অবিনাশ চক্রবর্তীর ছেলে।
নাম প্রকাশ না করার শর্তে ওই ইটভাটায় কর্মরত কয়েকজন শ্রমিকসহ স্থানীয়দের অভিযোগ, মালিক মোশফিকুর রহমান মিন্টু ইটভাটা নির্মাণের সময় থেকেই নিম্নমানের ইটসহ উপকরণ দিয়ে ক্লিলিঙ্গের দেয়াল তৈরি করেন। যার কারণে ক্লিলিঙ্গের দেয়ালে ব্যাপক আকারে ফাঁটল দেখা দেয়। বিষয়টি কর্মরত শ্রমিকরা মালিকের নজরে আনলেও তিনি এদিকে গুরুত্ব না দিয়ে ফাঁটল অংশগুলো কাদামাটির প্রলেপ দিয়ে ভরাট করে নিজ ব্যবসা চালিয়ে আসছেন। ক্লিলিঙ্গের এমন একটি ফাঁটল ধরা দেয়াল ভেঙ্গে পড়েই এ হতাহতের ঘটনা ঘটেছে।
আফতারগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘দুর্বলভাবে ক্লিলিঙ্গের দেয়াল নির্মাণ করা হয়ে থাকলেও এটি একটি দুর্ঘটনা মাত্র। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। শোনা গেছে, হতাহতের পরিবারের সঙ্গে ইটভাটা মালিকের আপোস মীমাংসার চেষ্টা চলছে।’
