যশোরে পতিতা পল্লীতে বোমা মেরে নারী অপহরণ, আহত ২

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৬:৫১
 
যশোরের একটি পতিতা পল্লীতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে অন্তরা নামে এক নারীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে শহরের বড়বাজার ঝালাইপট্টি পতিতা পল্লীতে এ ঘটনা ঘটে। বোমায় ঘটনাস্থলে উপস্থিত মেঘলা ও চিংড়ি নামে দুইজন আহত হয়েছে। তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ৩-৪ জন যুবক ঝালাইপট্টি পতিতা পল্লীর রাস্তায় আসে। এসময় তারা আকস্মিকভাবে ওই পল্লীর গেটে দাঁড়িয়ে থাকা ৪-৫ জন যৌনকর্মীকে উদ্দেশ্য করে হাত বোমা ছুড়ে মারে। বিকট আওয়াজে সবাই দিকদ্বিগিক ছুটাছুটি করতে থাকে। এসময় যৌনকর্মী অন্তরাকে হাত ধরে টানতে টানতে পল্লীর উত্তরপাশের রাস্তা দিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা।
 
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দুর্বৃত্তদের বোমায় মেঘলা ও চিংড়ি নামে দুই যৌনকর্মী রক্তাক্ত জখম হয়ে চিৎকার করতে থাকেন। আশপাশের লোকজন ছুটে এসে তাদের দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, মেঘলার বামপায়ে এবং চিংড়ির দুই পায়ে বোমার স্প্রিন্টারের আঘাত লেগেছে।
 
যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, তিনি খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠান। কারা এই বোমা হামলাকারী সেটা তদন্ত করা হচ্ছে। একইসাথে অপহৃত অন্তরাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।