মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ যুবলীগ কর্মীর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুর তিনটার সময় মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের মাধ্যমিক বিদ্যালয়ে তাদের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গ্রামের পাঠানপাড়া কবর স্থানে ৫ জনকে ও বক্সপাড়া কবরস্থানে সৌরভের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহামান রিটন ও যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা তাদের লাশ পরিবারের হাতে হস্তান্তর করেন।
জানাযায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাবেক এমপি জয়নাল আবেদীন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল, জেলা যুব লীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ন আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, সহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা সহ কয়েক হাজার মানুষ।
