বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উপলক্ষে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে সাতদিনব্যাপী ‘সুলতান মেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া।
তিনি বলেন, যে জাতি বা দেশ গুণী ব্যক্তিকে সম্মান দিতে জানে না, সেদেশে গুণী ব্যক্তির জন্ম হয় না। বরেণ্য চিত্রশিল্পী সুলতানের শিল্পকর্ম বাংলাদেশের ব্যাপ্তিতে সীমাবদ্ধ থাকেনি, বিশ্বব্যাপী বিস্তৃত। আব্রাহাম লিংকন কাঠুরিয়া পরিবার থেকে তার ত্যাগ ও মহিমা দিয়ে আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন। শিল্পী সুলতানও সামান্য রাজমিস্ত্রী পরিবার থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
নড়াইলের মাটি গুণীজনের পূণ্যভূমি উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন তার ছবিতে পরিস্কর ভেসে উঠেছে বাংলাদেশের মানুষ জীর্ণশীর্ণ নয়, শক্তিশালী এক জাতি। কৃষককূলকে জাগ্রত করার জন্য তিনি ছবি এঁকেছেন। তার শিল্পকর্ম বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে। সুলতানের শিল্পকর্মের উপর একটি রিসোর্স সেল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে ডেপুটি স্পিকার সুলতানের বাড়িতে যান। সেখানে গিয়ে সুলতানের কবর জিয়ারত করেন এবং সুলতান স্মৃতি সংগ্রহশালা ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, শিল্পী অধ্যাপক ড.সুশান্ত কুমার অধিকারী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার তানভীর আল নাহিয়ান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধান অতিথি চিত্রপ্রদশর্নীও ঘুরে দেখেন। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে সাতদিনব্যাপী মেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে সুলতানের জীবন ও কর্মের ওপর প্রতিদিনের সেমিনার। শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি, সাইকেল রেস, রশিটানাটানি, কলা গাছে চড়াসহ বিভিন্ন গ্রামীণ খেলা। এছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির পৃষ্ঠপোষকতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।
