ব্রাজিলে প্রেসিডেন্টবিরোধী তীব্র বিক্ষোভ

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২০:৩৫
 
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
 
দেশটিতে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দিলমা রৌসেফকে পদত্যাগের আহবান জানাচ্ছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, রৌসেফ ও তার দল ওয়ার্কার্স পার্টির (পিটি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এনে গত বৃহস্পতিবার রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ও প্রেসিডেন্টের সদর দপ্তরের সামনে হাজার হাজার লোক বিক্ষোভ করে। এসময় বিক্ষোভকারীরা সরকারি কার্যালয়ের দিকে এগুতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদেরকে লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও স্টান  গ্রেনেড ব্যবহার করে।
 
এদিকে বিরোধীদের শক্ত ঘাঁটি দেশের বাণিজ্যিক রাজধানী সাও পাওলোর পাওলিস্তা অ্যাভিনিউয়ে শুক্রবার হাজার হাজার লোক বিক্ষোভ করে।
 
বিক্ষোভে অংশ নেয়া ক্রিস্টিনা গালভাও বলেন, ইউক্রেনে যে ধরনের আন্দোলন হয়েছে ঠিক একই ধরনের বিক্ষোভ আমরা করতে যাচ্ছি। তিনি বলেন, দিলমা যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
 
লুলা ডি সিলভা প্রেসিডেন্ট থাকাকালে রাষ্ট্রীয় তেল কোম্পানিতে ব্যাপক দুর্নীতি হয়। অভিযোগ উঠেছে, বিচারের হাত থেকে লুলাকে রক্ষা করার চেষ্টা করছেন তারই উত্তরসূরি বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। সূত্র: বিবিসি