খেলার মাঠ-উন্মুক্তস্থান দখলমুক্তের দাবি

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২০:৪৪
রাজধানীর গোলাপবাগ মাঠসহ ঢাকা মহানগরী ও সারাদেশের সকল খেলার মাঠ, উন্মুক্তস্থান এবং পার্কসমূহ দখলমুক্ত করে যথাযথভাবে সংরক্ষণসহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠনের নেতারা।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন ও গ্রীন ভয়েস এর যৌথ উদ্যোগে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাপবাগ মাঠসহ সারাদেশের সকল খেলার মাঠ এবং উন্মক্তস্থান দখলমুক্ত ও যথাযথ সংরক্ষণের দাবিতে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে বক্তারা এসব বিষয় তুলে ধরেন।
 
সমাবেশে বক্তারা বলেন, গোলাপবাগ মাঠটি ঐ এলাকাসহ আশপাশের এলাকার একটি ঐতিহ্যবাহী ও অন্যতম মাঠ, কিন্তু হানিফ ফ্লাইওভার নির্মাণের সময় এই মাঠটি বিনষ্ট করা হয়েছে। এই ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হলেও এখনো মাঠটি দখল করে রেখেছে। ঢাকা শহরের মাঠগুলোকে খেলাধুলার উপযোগী করে জনগণের জন্য উন্মুক্ত করা বর্তমান মেয়রদের নির্বাচনী ওয়াদা ছিল। আমরা নতুন করে কোনো মাঠ চাই না, শুধুমাত্র আমাদের মাঠটিকে অবিলম্বে খেলাধুলার উপযোগী করে জনগণের নিকট ফিরিয়ে দেয়ার জন্য মেয়র ও সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।
 
তারা আরও বলেন, ক্রীড়া ক্ষেত্রে একের পর এক বাংলাদেশের ধারাবাহিক অর্জনে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বলতর হচ্ছে। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, যখন লক্ষ্য করি এসব খেলোয়াড় যেখান থেকে তৈরি হবে ওই সব উৎসস্থল ধ্বংস করা হচ্ছে। এভাবে চলতে থাকলে সম্ভাবনাময় খেলোয়ার তৈরি করা কঠিন হবে। ঢাকা মহানগরীর অধিকাংশ খেলার মাঠ বিভিন্নভাবে দখল হয়ে যাচ্ছে অথবা খেলাধুলার অনুপযোগী করে রাখা হয়েছে। এটা সবার জন্য অত্যন্ত হতাশা ও উদ্বেগের কারণ।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম-সম্পাদক ও গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগির কবির বলেন, খেলার মাঠ,পার্ক ও উন্মুক্ত স্থানগুলি দখলমুক্ত না করার কারণে শিশুরা ভার্চুয়াল জগতের দিকে ধাবিত হচ্ছে,তারা কম্পিউটার, মোবাইল গেমসের দিকে আকৃষ্ট হচ্ছে। অবিলম্বে খেলার মাঠ এবং উন্মুক্ত স্থান দখলমুক্ত, যথাযথ সংরক্ষণ ও উন্নয়ন করতে না পারলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে, টেকসই উন্নয়নের লক্ষ্যও ব্যাহত হবে।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র যুগ্ম-সম্পাদক ও গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সমন্বয়ক আলমগির কবিরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গোলাপবাগ মাঠরক্ষা আন্দোলনের আহ্বায়ক মাইনুল হাসান, গোলাপবাগ এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা, গ্রীন ভয়েসের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক হীরক সরদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহবায়ক আব্দুস সামাদ প্রধান প্রমুখ।