পশ্চিমবঙ্গে নির্বাচন: প্রশাসনে বড় ধরনের রদবদল

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২০:৫৭
ভারতের নির্বাচন কমিশন (ইসি) পশ্চিমবঙ্গের নির্বাচন সংশ্লিষ্ট এক জন জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের চার সুপারিনটেনডেন্টসহ (এসপি) ৩৪ কর্মকর্তাকে অপসারণ করেছে। রাজ্যের মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জী বলেছেন, শুক্রবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে।
 
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন পাঁচটি বিশেষ দল পাঠাচ্ছে। পাঞ্জাব, কর্ণাটক, হিমাচল প্রদেশ, ছত্তিশগড় ও দিল্লির সিইও (মুখ্য নির্বাচনী অফিসার) এসব দলের নেতৃত্বে থাকবেন।
 
এ ছাড়া প্রত্যেক দলে একজন আইপিএস কর্মকর্তা, একজন যুগ্ম সিইও ও দুজন কমিশনার পর্যায়ের কর্মকর্তা থাকবেন। এসব টিম ২৩ মার্চ কমিশনে প্রতিবেদন দাখিল করবে। সাধারণ পর্যবেক্ষণের পাশাপাশি কমিশন নির্বাচনী দায়িত্ব পালনের জন্য ২১ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করবে। এদিকে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে মোটরসাইকেল মহড়া নিষিদ্ধ করেছে।
 
ইসি বলেছে, পঞ্চায়েত নির্বাচন ও পরবর্তীকালে ২০১৪ সালের লোকসভা নির্বাচনসহ এখন বিধান সভার নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের মোটরসাইকেল মহড়া নির্বাচনী কার্যক্রমকে ব্যাহত করেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ফলে দিল্লি থেকে নির্বাচনের সময় মোটরসাইকেল মহড়া বন্ধের নির্দেশ এসেছে।