পাকিস্তানে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ৫

আপডেট : ১৮ মার্চ ২০১৬, ২১:১১
পাকিস্তানের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধে দেশটির দুই সৈন্য ও তিন জঙ্গি নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় গিলগিট-বাল্টিস্তান অঞ্চলের চিলাস জেলায় এই ঘটনা ঘটে। এটি হিমালয়, কারাকোরাম ও হিন্দু কুশ পর্বতের মধ্যে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র।
 
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল অভিযানটি পরিচালনা করে। এতে তিন দুর্ধষ সন্ত্রাসী নিহত হয়েছে। এতে আরো বলা হয়, এই অভিযানে নিহত সন্ত্রাসীদের বিরুদ্ধে বেসামরিক যানবাহন, পর্যটক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এতে আরো বলা হয়, এলাকায় একটি তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহনীর সদস্যরা গায়াল গ্রামকে চারদিক থেকে ঘিরে রেখেছে। সূত্র: এএফপি