রাজধানীর বনানীতে গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঝুঁকিপূর্ণ ও বসবাসের জন্য ‘সাময়িকভাবে অযোগ্য’ ঘোষণা করেছে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল।
বনানীর ২৩ নম্বর সড়কের ৯ নম্বর বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ভবনটির ব্যাপক ক্ষতি হয়।গ্যাস লাইন ছিদ্র থেকে গ্যাস বের হয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন।
শুক্রবার বিকালে অধ্যাপক ইশতিয়াক আহমেদের নেতৃত্বে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল ভবনটি পরিদর্শন করে। এ সময় রাজউকের চেয়ারম্যান জিএম জয়নুল আবেদীনও সঙ্গে ছিলেন।
পরিদর্শন শেষে অধ্যাপক ইশতিয়াক সাংবাদিকদের বলেন, এখন ভবনটি ঝুঁকিপূর্ণ। সার্ভে করে দেখতে হবে ভবনটি ভাঙতে হবে কি না। নাকি সংস্কার করা যাবে। তবে আপাতত ভবনটি বসবাসের অযোগ্য।
