হুয়াওয়ে পি৯: ৯ এপ্রিল ঘুচবে অপেক্ষার পালা

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১০:১৯
হুয়াওয়ে, বিকাশমান স্মার্টফোন বাজারের বহুল জনপ্রিয় এক ব্র্যান্ড। প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বাজারের শীর্ষস্থানীয় ফোন কোম্পানির তালিকায় নিজের জায়গাটা করে নিয়েছে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের তুলনায় প্রায় অর্ধেক দামের ডিভাইসে প্রিমিয়াম লেভেলের কনফিগারেশন দিয়েই এটা সম্ভব করেছে চীনা এই প্রতিষ্ঠান।
 
‘হুয়াওয়ে পি৯’ নামের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে হুয়াওয়ে। ডিভাইসটি নিয়ে বেশ কিছু দিন ধরে প্রযুক্তিবিশ্বে মাতামাতি চলছে। ৬ এপ্রিল উন্মোচনের আলোয় আসছে এই ডিভাইস। ওই দিন লন্ডনে আনুষ্ঠানিকভাবে ডিভাইসটি উন্মোচন করা হবে।
 
ডিভাইসটির বেশ কিছু তথ্য প্রকাশ করেছে হুয়াওয়ে। বহুল প্রত্যাশিত এ ডিভাইসে ডুয়াল ব্যাক ক্যামেরা থাকবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
 
সম্প্রতি ‘হুয়াওয়ে পি৯’ এর একটি টিজার ভিডিও প্রকাশ করে হুয়াওয়ে। সেখানে দেখানো হয়, পি৯ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা ফিচার থাকবে।
 
এছাড়াও এতে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ২ ইঞ্চি আইপিএস-এনইও এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে ও ডিসপ্লে সুরক্ষায় করনিং গরিলা গ্লাস ৪ ব্যবহার করা হয়েছে।
 
ডুয়াল সিম সমর্থিত এই ফোন অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেম চলবে। ৩ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে।
 
ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে লেজার অটোফোকাস এলইডি ফ্লাশ সুবিধার ডুয়াল ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এতে ৩ হাজার ৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।