ফিডে ছবি দেখার ধরনে পরিবর্তন আনছে ইনস্টাগ্রাম

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১১:৪৯
ফিডে ছবি দেখার ধরনে পরিবর্তন আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এক্ষেত্রে অনুসরণ করা হয়েছে ফেসবুককে। এখন থেকে ফেসবুকের মতো প্রয়োজনীয় বিষয়গুলোই আগে ফিডে দেখাবে ছবি শেয়ার করার সাইটটি।
 
সাইটটিতে প্রতিদিন হাজারো ছবি ও ভিডিও জমা হয়, যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে। আর এতো ছবির কারণে বিরক্তি হন ব্যবহারকারীরা। সেজন্যই আনা হচ্ছে এই পরিবর্তন।
 
বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছে, যেসব কনটেন্ট ব্যবহারকারীরা বেশি পছন্দ করেন সেসব ছবি বা ভিডিও থাকবে ফিডের সামনের দিকে। আর ব্যবহারকারীদের পছন্দক্রম নির্বাচিত করা হবে তাদের বিভিন্ন পোস্ট ও অন্যান্য ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে। এক্ষেত্রে ব্যবহার করা হবে মেশিন-লার্নিং প্রযুক্তি।
 
তবে কোনো ছবি বা ভিডিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
 
সংশ্লিষ্টরা জানিয়েছে, ব্যবহারকারীদের সব পোস্টই থাকবে, শুধু তাদের পছন্দ অনুযায়ী ফিড সাজানো হবে নতুন করে।