মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দলীয় মনোনয়নের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন না দিতে রিপাবলিকান দলের প্রতি আহবান জানিয়েছে মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াশিংটন পোস্ট। গত বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে এই আহবান জানানো হয়। এছাড়া অন্য দুটি প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য ইকোনোমিস্টও পৃথক নিবন্ধে ট্রাম্পের সমালোচনা করেছে এবং তাকে মনোনয়ন না দিতে রিপাবলিকানদের প্রতি আহবান জানিয়েছে।-খবর ডন’র
ট্রাম্প এসব পত্রিকার নিবন্ধ প্রকাশিত হওয়ার পর জানিয়েছেন, কে তার সম্পাদকীয়তে কি লিখলো বা লিখলো না তা নিয়ে কেউ মাথা ঘামায় না। বিশেষ করে আমাকে নিয়ে। বৃহস্পতিবারই ইকোনোমিক ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) জানায়, ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে বিশ্বের ১০টি ঝুঁকির মধ্যে অন্যতম।
ওয়াশিংটন পোস্ট নিবন্ধে উল্লেখ করেছে, ‘ট্রাম্পকে থামাতে আপনারা সবকিছু করেন।’ তিনি যেন দলীয় মনোনয়ন জয় করতে না পারেন। এখন পর্যন্ত বিভিন্ন প্রাইমারিতে দলীয় মনোনয়নের নির্বাচনে ট্রাম্প এগিয়ে আছেন। নিবন্ধে বলা হয়েছে, ভবিষ্যতের নির্বাচনেও ট্রাম্প এগিয়ে থাকতে পারেন। পত্রিকাটি সতর্ক করে দেয়, এই মুহূর্তে হয়তো অসাধারণ কিছু করাটা কঠিন হবে এবং ব্যর্থও হতে পারে। সেজন্য ইতিহাস কিন্তু রিপাবলিকানদের ক্ষমা করবে না। ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের হিলারি ক্লিনটনের ভোটের পার্থক্যের বিষয়টি তুলে ধরেছে।
উল্লেখ্য, ওয়াল স্ট্রিট জার্নাল রিপাবলিকান দলের সমর্থক। ফলে পত্রিকাটির নিবন্ধ আগামীতে ভোটারদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে ট্রাম্প বলেছেন, হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী মাত্র তিনজন। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী ১৬ জন। ফলে ভোট তো কমই পাবো। তিনি বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নাল অঙ্কে কাঁচা। তিনি পত্রিকাটির সম্পাদকীয় বোর্ডের কাছে এর ব্যাখ্যাও দাবি করেন। আর ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন। অর্থাৎ পুতিনের সঙ্গে তার কোনো পার্থক্য নেই।
