ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন রবিবার, ৩৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১২:১৯
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রবিবার।৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
 
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৩৫ টি কেন্দ্রে ছয়জন করে এবং সাধারণ ১৩টি কেন্দ্রে পাঁচজন করে পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রের ১২ জন আনসার সদস্যের মধ্যে দুইজন অস্ত্রধারী থাকবেন। ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রে আটজন এবং সাধারণ কেন্দ্রে সাতজন অস্ত্রধারী নিয়োজিত থাকবেন। এছাড়া পুলিশের চারটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১০টি টিম কাজ করবে বলে জানান তিনি।
 
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৪৮টি কেন্দ্র করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯ হাজার নয় শ ৩৭ জন। এর মধ্যে ৫১ হাজার নয় শ ১০ জন নারী এবং ৫১ হাজার ২৭ জন পুরুষ ভোটার রয়েছে। মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।