উখিয়ায় ইয়াবার ভাগ-ভাটোয়ারা নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গুলিবর্ষণের ঘটনায় দু’জন শীর্ষ ইয়াবা কারবারি ঘটনাস্থলে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপকূলীয় এলাকার রূপপতি মেরিন ড্রাইভ সড়কের পাশে এ ঘটনাটি ঘটে। স্থানীয় গ্রামবাসীর খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা, দুটি এলজি, ৪টি তাজা গুলি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসীর বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের জবর মুল্লকের দুই ছেলে মোস্তাক ও মোকতার মেরিনড্রাইভ সড়ক দিয়ে ইয়াবা পাচার করে আসছিল দীর্ঘদিন থেকে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ইয়াবার টাকার লেনদেন নিয়ে বচসার পর দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় দুই ভাই নিহত হয়। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠিয়েছে। একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এদিকে এই ঘটনার পর উখিয়ার চিহ্নিত ছোট-বড় ইয়াবা কারবারিরা উধাও হয়ে গেছে।
