নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পত্রিকাবাহী পিকাপভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হেলপার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার সকালে উপজেলাধীন সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজারে এ হতাহতের ঘটনা ঘটে।নিহত বিশাল (৪০) বগুড়া সদর উপজেলার কইতকুল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ভোর পাঁচটায় বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পত্রিকাবাহী ভ্যানটি ওই সড়কের ঘটনাস্থলে পৌঁছালে সড়ক ডিভাইডারে (ব্লাক স্পট) সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং পা কেটে চালককে বের করে আনেন। গুরুতর আহত চালক বিশালকে (৪০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত হেলপার ফরিদুল ইসলামকে (৩৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
