আরেকটি পাক-ভারত মহারণের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৭:০৬
ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। তুমুল প্রতিদ্বন্দ্বিতায় বুঁদ হয়ে থাকা। এমন লড়াইয়ের জন্যই অপেক্ষায় থাকে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটপ্রেমীদের সেই অপেক্ষার অবসান ঘটছে শনিবার। এদিন কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বিশ্বকাপের মূলপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও পাকিস্তান।
 
নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। যে কারণে শনিবারের ম্যাচটি ধোনিদের টিকে থাকার লড়াইও। অন্যদিকে অফ-ফর্মে থাকা পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে মহারণের আগে নিজেদের প্রস্তুতি সেরে নেয়।
 
তবে কলকাতায় মাঠে নামার আগে বিশ্বকাপের পরিসংখ্যানের কারণে কিছুটা অস্বস্তিতে থাকবে পাকিস্তান। এর আগে যেকোনো ধরনের বিশ্বকাপে ভারতকে হারাতে পারেনি দলটি। প্রতিবারই দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও শেষ হাসি হাসতে ব্যর্থ হয় পাকিস্তান। ফলে এবার ইতিহাস বদলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে আফ্রিদির দল।
 
ভারতের কিংবদন্তী তারকা সুনিল গাভাস্কার শনিবারের ম্যাচের আগে ধোনিদের এই বলে সতর্ক করেছেন যে, পাকিস্তান শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে যায়। সুতরাং, তাদেরকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই।
 
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ও বিশ্বকাপজয়ী নায়ক ওয়াসিম আকরামকে নিজেদের ক্যাম্পে আমন্ত্রণ জানিয়েছে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। চাপ মোকাবেলা করে কিভাবে এমন হাইভোল্টেজ ম্যাচে জয় পাওয়া যায় ইমরান ও ওয়াসিম শনিবারের ম্যাচ শুরুর আগে আফ্রিদিদের সেই টিপসই দেবেন।
 
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শহিদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), উমর আকমল, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।
 
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, এমএস ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিষ নেহরা ও জসপ্রিত বুমরাহ।