কাউন্সিলে গুণগত কোন পরিবর্তন ঘটবে না বিএনপির : কাদের

আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৯:০৪
 
কাউন্সিলের মাধ্যমে বিএনপির কোন গুণগত পরিবর্তন ঘটবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
মন্ত্রী বলেন, বিএনপির নেতৃত্ব আগের মতই রয়ে গেছে, তাদের নেতৃত্বের কোন পরিবর্তন ঘটেনি। বরং দলের ভারপ্রাপ্ত মহাসচিবের ঘুরে দাঁড়ানো বলতে পেট্রোলবোমা বা ককটেল নিয়ে ঘুরে দাড়াবেন কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
 
বিএনপি গণতন্ত্র বাঁচানোর কথা বলে পেট্রোলবোমা ও আগুন নিয়ে মাঠে নেমেছিল। এবারও কি তারা পেট্রোলবোমা, ককটেল কিংবা আগুন নিয়ে ঘুরে দাঁড়াতে যাচ্ছে কি না-সেটি এখন দেখার বিষয়। বিএনপি  পেট্রোলবোমা ও সন্ত্রাসের রাজনীতি করে বলেই আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কাউন্সিলে এবার কোনো প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
 
সকালে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগরে মহাসড়কের সংস্কার কাজ পরিদর্শন করতে গিয়ে বিএনপির কাউন্সিল নিয়ে সংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার মতে, বিএনপির নেতৃত্ব আগের মতোই রয়ে গেছে। কাউন্সিলে দলটির গুণগত কোনো পরিবর্তন ঘটবে না। তাই কাউন্সিলের মাধ্যমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে না।
 
বিএনপির কাউন্সিলে বাধার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাউন্সিলে কোনো বাধা দেয়া হয়নি। বাধা দিলে এত উৎসবমুখর পরিবেশে বিএনপি কাউন্সিল করতে পারত না। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট নয়, তাদের চাহিদা মতো সোহরাওয়ার্দী উদ্যানও বরাদ্দ দেয়া হয়েছে। ফোকাস বাংলা।